ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভবন নির্মাণে সিটি কর্পোরেশনের অনুমতি লাগবে না: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সিটি কর্পোরেশন এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের কোনো অনুমতি নিতে হবে না। তবে রাজউকের অনুমতির পর নির্ধারিত স্থানে ভবন নির্মিত হচ্ছে কিনা সেটি সিটি কর্পোরেশনকে অবহিত করতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধে ২০২২ সালের প্রথম আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সিটি কর্পোরেশন থেকে ভবনের আর্কিটেকচারাল বা স্ট্রাকচারাল ডিজাইনের জন্য পারমিশন নিতে হবে না। একটা জায়গায় ভবন নির্মাণের জন্য রাজউক থেকে অনুমতি নেয়া হয়েছে, সেটি ঐ নির্ধারিত জায়গায় হচ্ছে কিনা, সে বিষয়ে অবহিত করতে হবে।

তিনি আরো বলেন, কাগজে দেখানো হয়েছে একটা জায়গায় এই বিল্ডিং নির্মাণ করা হবে। এখন বিল্ডিংটি ঐ জায়গায় নির্মাণ করা হচ্ছে কিনা, ভবনটির যে প্ল্যান আছে, সে অনুযায়ী কাজটি হচ্ছে কিনা, তা যদি কেউ দেখাশোনা না করে তাহলে কী শহর বসবাসের উপযোগী থাকবে? এ জন্যই মূলত ভবন নির্মাণের ক্ষেত্রে সিটি কর্পোরেশনকে যুক্ত করা হচ্ছে।

গত ৬ ফেব্রুয়ারি সচিবালয়ে এক বৈঠকে রাজধানীতে যেকোনো অবকাঠামো নির্মাণের সময় রাজউকের পাশাপাশি সিটি কর্পোরেশন থেকে অনুমোদন নিতে হবে বলে জানিয়েছিলেন স্থানীয় সরকারমন্ত্রী।