ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬০০ টন কয়লা নিয়ে পশুর নদীতে ডুবল জাহাজ

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ৬০০ টন কয়লা নিয়ে এমভি নাওমী নামে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-৪ নম্বর অ্যাংকোরেজ এলাকায় ডুবোচরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার রাতে মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ডুবে যাওয়া জাহাজটির মাস্টার মো. আজিজুল হক। তবে পশুর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মোংলা বন্দরের হাড়বাড়িয়া ৫ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘সিএমভি জর্দান’ থেকে ৬০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে এমভি নাওমী। নোঙর করার জন্য বিদেশি জাহাজ ছেড়ে হারবাড়িয়া ৪ নম্বর অ্যাংকোরেজ এলাকায় পৌঁছালে জাহাজটি ডুবে যায়।

জাহাজের মাস্টার মো. আজিজুল হক বলেন, রাত ১১টার দিকে বন্দরের ৪ নম্বর বয়ার কাছাকাছি পৌঁছালে ডুবন্ত কিছুর সঙ্গে কার্গোর ধাক্কা লাগে। এতে জাহাজটির তলা ফেটে ইঞ্জিন কক্ষে পানি ঢুকতে থাকে। এ সময় আমরা দ্রুত কার্গোটিকে পার্শ্ববর্তী চরে উঠিয়ে দেই। পরবর্তীতে অন্য লাইটার জাহাজের সহায়তায় দুই নিরাপত্তা কর্মীসহ আট নাবিক তীরে আসতে সক্ষম হই। পরে বন্দর কর্তৃপক্ষকে দুর্ঘটনার খবর জানাই এবং মোংলা থানায় জিডি করি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন শাহাদাৎ বলেন, জাহাজটি ডুবলেও বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। ১৫ দিনের মধ্যে চ্যানেল থেকে জাহাজটি সরাতে বলা হয়েছে।

এর আগে, ২০২১ সালের ১৬ নভেম্বর হাড়বাড়িয়া-৮ ও ৯ নম্বর অ্যাংকারেজের মাঝামাঝি এলাকায় একটি বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সাড়ে ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় বাল্কহেড এমভি ফারদিন।