ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী কোমর তাঁত

হারিয়ে যাচ্ছে পাহাড়ের নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী কোমর তাঁত। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ীদের কাছে খুবই জনপ্রিয় এই কোমর তাঁত। তবে সুতাসহ কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় এখন আর কাপড় তৈরি করে পোষাতে পারছেন না কোমর তাঁতের কারিগররা।

শত শত বছর আগে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন নৃ-গোষ্ঠীর নারীরা নিজেদের পরনের কাপড় নিজেরাই বুনতেন। কোমর তাঁতে এসব কাপড় বোনা হতো। এক সময় নৃ-গোষ্ঠী নারীদের বিয়ের সময় কোমর তাঁত বোনার যোগ্যতা বাধ্যতামূলক ছিলো। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সে ঐতিহ্য এখন আর নেই।

রাঙামাটির কুতুকছড়ি ইউনিয়নের সিমি চাকমা বলেন, ‘এটি আমাদের চাকমাদের ঐতিহ্য। যুগ যুগ ধরে আমরা কাপড় বুনন করে আসছি কোমর তাঁত দিয়ে। এখন বাজার থেকে সুতা কিনে কাপড় তৈরি করব, সেই সামর্থ্য নেই। সুতার দাম বাড়তি। তাই সরকারের কাছে আকুল আবেদন, আমাদের বিনামূল্যে সুতা দিলে খুবই উপকৃত হবো।’

কোমর তাঁতের মধ‌্যে চাকমা সম্প্রদায়ের পিনন-খাদি বেশি জনপ্রিয়। পিনন-খাদি ছাড়াও কোমর তাঁতো গামছা, লুঙ্গি, ওড়না, চাদরসহ বিভিন্ন ব্যবহার্য বস্ত্র বোনা হয়।

রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের সোনাবী চাকমা বলেন, ‘সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে পিনন খাদি উৎপাদনের মাধ‌্যমে নিজেদের ভাগ্য উন্নয়ন করতে পারবো।’

এদিকে, আধুনিকতার ছোঁয়া আর যন্ত্রপাতির প্রভাবে ঐতিহ্যবাহী কোমর তাঁত কোন ঠাসা হয়ে পড়েছে। সুতা ও রংয়ের দাম বেড়ে যাওয়া এবং বাজারজাত সংকটের কারণে তাঁতিরা পোষাতে পারছেন না।

মাধবীলতা চাকমা বলেন, ‘আমার নিজের কাছে টাকা থাকলে কোমর তাঁত দিয়ে বেইন বুনন করি। তবে এখন নানা কারণে কাপড় তৈরিতে বিনিয়োগ করতে পারছি না।’

রাঙামাটি শহরের রাঙাপানি এলাকার সুমনা চাকমা বলেন, ‘সুতার দাম বেড়ে যাওয়ায় এখন আর কোমর তাঁত দিয়ে কাপড় বুনে লাভ হচ্ছে না। এখন সবকিছুর দাম বেড়ে গেছে।’

বাংলাদেশ ক্ষুদ্র কুটিরশিল্প কর্পোরেশন রাঙামাটির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘বিসিকের মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলায় ক্ষুদ্র উদ্যেক্তাদের তাঁত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের উৎপাদন কেন্দ্রগুলোতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। তাদের উৎপাদিত পণ্যগুলো আমাদের প্রদর্শণী কেন্দ্রের মাধ্যমে বিক্রি করার সুযোগ আছে।’