ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী এনামুল হকেরও মৃত্যু হয়েছে। শনিবার রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজন হলো।
২৬ বছর বয়সী এনামুল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার বিজয়নগর উপজেলা থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ফিরছিলেন নাজেল মাহমুদ খাঁ, নাজিম ভূঁইয়া ও এনামুল। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি ট্রাক্টর। এতে তিনজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে নাজেল ও নাজিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এনামুলকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়। পরে রাতে এনামুলও মারা যান।