দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার কঠোরভাবে বাজার মনিটর করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
শনিবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ভোজ্য তেলের দাম আন্তর্জাতিক বাজারে অনেক বেড়েছে। ভোজ্যতেল আমাদের আমদানি করে চাহিদা মেটাতে হয়। এ অবস্থায় তেলের দাম কিছুটা না বাড়ালে কেউ আমদানি করবে বলে মনে হয় না। তবে সরকার কঠোরভাবে বাজার মনিটর করছে।
তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণ ভোজ্যতেল আনার চেষ্টা করছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, গত দুই বছরের করোনাকাল ও আবার বর্তমানের ইউক্রেন- রাশিয়া যুদ্ধের প্রভাব রয়েছে। এসবের প্রভাব দ্রব্যমূল্য পড়েছে, বাংলাদেশেও এ প্রভাব পড়েছে।
বিএনপি ২০১৪ সালের মতো দেশে আবার অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘তারা মনে করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করে, বোমাবাজি করে,রেল লাইন তুলে, গাড়িতে আগুন দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করে আবারও ক্ষমতায় আসবে। আমি মনে করি, এদেশের জনগণ কোনোভাবেই তাদের এ অপচেষ্টা মেনে নেবে না।’
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বিএনপি আন্দোলনে হাওয়া দিতে পারছে না, তাদের পায়ের নিচে মাটি নেই। ২০১৫ সাল থেকে তারা একদিনও হরতাল দিতে পারেনি। বাংলাদেশে আর কোনদিন হরতাল হবে না।
তিনি বলেন, আন্দোলনের নামে গাড়িতে আগুন দিলে তাদেরকে চরম মূল্য দিতে হবে। ন্যায়ের পথে, শান্তি-শৃঙ্খলা বজায় রেখে তাদেরকে আন্দোলন করতে হবে। শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করলে বর্তমান নির্বাচিত সরকার জনগণের জান-মাল রক্ষায় কঠোর ভূমিকা পালন করবে।
আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি সবসময়ই বাঁকা পথে ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। অন্যদিকে আওয়ামী লীগ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনও বাঁকা পথে জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় আসেনি। কাজেই, আগামী দিনে বাংলাদেশে ষড়যন্ত্র করে কাউকে নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।
এ সময়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট জিয়াজুল কবির কাওছার, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।