চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন হত্যা মামলার অন্যতম দুই আসামীর ফাঁসি মঙ্গলবার রাত ১২টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হবে। এজন্য জেলখানা কর্তৃপক্ষ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের একাধিক সূত্র সোমবার ডেইলি বাংলাদেশকে এমন তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, ২০০৩ সালে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন হত্যা করা হয়। এই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরিয়তপুরের শিপন (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়ার নাঈম (৪৩) কে গ্রেফতার করা হয়। পরে দ্রুত বিচার আইনে ২০০৪ সালে মামলাটির রায় প্রদান করে নিম্ন আদালত।
নিম্ম আদালতের এই রায়ের বিরুদ্ধে আসামীরা উচ্চ আদালতে আপিল করলে উচ্চ আদালতেও নিম্ম আদালতের রায় বহাল রাখে। সর্বশেষ আসামীরা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইলে সেখানেও তাদের আবেদন খারিজ করে দেয়। পরে দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষ করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ মঙ্গলবার (৮ মার্চ) রাতে তাদের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করে।
ইতোমধ্যে কারাগার কর্তৃপক্ষের চিঠি পেয়ে গতকাল সোমবার দুই আসামীর স্বজনরা এসে তাদের সঙ্গে দেখা করে গেছে। কারাগারের একটি সূত্র জানায়, আসামীরা এত দিন কিছুটা উচ্ছৃঙ্খল আচরণ করলেও ফাঁসি কার্যকরের কথা শুনে গত কয়েক দিন একেবারে নীরব হয়ে যায়। আসামীদের শেষ ইচ্ছা অনুযায়ী গত কয়েক দিন ধরে তাদের নান রুটি ও গরু মাংস খাওয়ানো হচ্ছে।