স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উন্নয়ন-অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের কাছে মডেল দেশে রূপান্তর হয়েছে। সরকার প্রান্তিক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, কৃষকের সারের দাম কমানো হয়েছে। বাংলাদেশ শিক্ষা, যোগাযোগ, বিজ্ঞান- প্রযুক্তিসহ নানা খাতে উন্নতি লাভ করেছে। দেশে চাহিদার তুলনায় খাদ্য উৎপাদন বেড়েছে।
শনিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গামন্ডল রাজ ইনস্টিটিউশনের শতবছর পূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, একটা সময় বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছে হাত পাততো। সেই দিন ফুরিয়ে গেছে। বাংলাদেশ এখন সাহসের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে। শেখ হাসিনার নেতৃত্বের কারণে উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশ আজ রোল মডেল।
সাবেক সিনিয়র সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় এমপি রাজী মোহাম্মদ ফখরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, কুমিল্লার ডিসি মো. কামরুল হাসান, এসপি মো. ফারুক আহমেদ, দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ প্রমুখ।