আরেকটি মহামারি মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশ থেকে করোনা এখনো চলে যায়নি, এ জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে।
রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ও সায়েন্টিফিক সেমিনারে এ নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, করোনা মহামারি একের পর এক রূপ বদলাচ্ছে। আমাদের পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে। টিকা করোনার জন্য বড় হাতিয়ার। আমরা যখন টিকা নিয়ে কাজ করি তখন অনেক দেশ চিন্তাও করতে পারেনি।
তিনি বলেন, শুরুতে আমাদের ল্যাব ছিল একটি। এখন ৮শর উপরে। আইসিইউও কম ছিল, এখন সেটিও বেড়েছে। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা ছিল হাতেগোনা কয়েকটি হাসপাতালে, এখন অনেক হাসপাতালে এই ব্যবস্থা রয়েছে। পিপিই ছিল না, ওষুধ ছিল না। যেখানে যেখানে যে ব্যবস্থা ছিল না তা আমরা দ্রুত করার চেষ্টা করেছি।
জাহিদ মালেক বলেন, আমাদের জন্য সবচেয়ে ভালো বিষয় ছিল যে, চিকিৎসকরা ভয় পেয়ে পিছিয়ে যাননি। নার্সরা পিছিয়ে যাননি।