ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দখল-দূষণ, অস্তিত্ব হারাচ্ছে শীতলক্ষ্যা

আজ ১৪ মার্চ আন্তর্জাতিক নদী কৃত্য দিবস। ১৯৯৮ সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। ১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিয়া শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সমাবেশ থেকে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের নদী কৃত্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জীববৈচিত্রের জন্য নদী’। এই দিবসে শীতলক্ষ্যা নিয়ে এই আয়োজন।

এক সময়ে শীতলক্ষ্যার পানি পান করতো মানুষ। এ নদীতে মাছ ধরে অনেকেই জীবিকা নির্বাহ করতো। তবে সময়ের পরিক্রমায় সব কিছুই পাল্টে গেছে। পানি পান তো দূরের কথা, এখন শীতলক্ষ্যায় মাছ পাওয়াও দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কারণ হিসেবে জানা গেছে দূষণ। দূষণের কবলে পড়ে জৌলুস হারাচ্ছে ১০৮ কিলোমিটারের শীতলক্ষ্যা নদী।

শীতলক্ষ্যা নারায়ণগঞ্জ হয়ে গাজীপুরের কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর উপজেলা অতিক্রম করেছে। নদী পাড়ের মানুষরা এক সময় রান্না-বান্নাসহ ঘরের কাজে এ নদীর পানিই ব্যবহার করতেন। জীবিকা নির্বাহ করতের শান্ত, স্বচ্ছ পানি ও সুস্বাদু দেশীয় মাছের জন্য বিখ্যাত এই শীতলক্ষ্যা নদীকে কেন্দ্র করেই। সময়ের পরিক্রমায় ও কালের বিবর্তনে সব কিছু পাল্টে শীতলক্ষ্যা তার জৌলুস হারিয়েছে।

শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকার নুরুল হুদা মোড়ল বলেন, খিরুর দূষণে আমাদের সুতিয়া নদীও পড়েছে। নদীকেন্দ্রিক কৃষি অর্থনীতিও এখন অনেকটা থমকে গেছে। চোখের সামনেই প্রতিনিয়তই নদীর গুরুত্ব কমতে দেখছি। দূষণের কারণে নদীতে এখন মাছও মেলে না। এখন মানুষের নজর নদীর দখলের দিকে।

জানা গেছে, কয়েক বছর ধরে গাজীপুরের উত্তর সীমান্তের ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার শিল্প প্রতিষ্ঠানের তরল বর্জ্যে সেখানকার খিরু নদীর মাধ্যমে প্রবেশ করছে গাজীপুরের শীতলক্ষ্যায়। বর্ষার পর যখন প্রবহমান পানির ধারা থেমে যায় তখনই নদীটি পরিণত হয় মৃত্যুপুরিতে। নদীকে কেন্দ্র করে বেঁচে থাকা জলজপ্রাণীগুলোও আর তখন টিকতে পারে না। প্রতি বছরের মার্চ, এপ্রিল ও মে এ তিন মাস দূষিত শিল্প বর্জ্যরে কারণে নদীটির জলজ প্রাণীগুলোও ভেসে উঠে। এক সময়ের দেশীয় নানা প্রজাতির মাছের উৎস্যস্থল হিসেবে শীতলক্ষ্যাকে বিবেচনা করা হলেও এখন মাছের দেখাও মেলে না। শীতলক্ষ্যা ঘিরে জীবন ও জীবিকাও যেন থমকে যাচ্ছে।

নদী গবেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, আমাদের দেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ময়মনসিংহ জেলার একটি নদী খিরু নদী। ডাকাতিয়া নদী থেকে উৎপত্তি হওয়া এ নদীটি ভালুকা উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়ে শ্রীপুরের সোনাব এলাকায় সুতিয়া নদীর সাথে মিলিত হয়েছে। পরে সুতিয়া শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন এলাকাদিয়ে প্রবাহিত হয়ে নান্দিয়াসাঙ্গুন ত্রিমোহনী এলাকায় শীতলক্ষ্যার সাথে সংযুক্ত হয়েছে। ভালুকা শিল্পাঞ্চলের দূষিত পানি দীর্ঘদিন ধরেই ক্ষিরু নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে শ্রীপুরের মধ্য দিয়ে শীতলক্ষ্যায় প্রবেশ করছে।

বর্ষায় নদীর স্রোত থাকায় দূষণের তেমন কোন প্রভাব না থাকলেও বর্ষা চলে গেলে বর্জ্যে বিষাক্ত হয়ে পড়ে নদীর পানি। এতে জলচর প্রাণীর জীবন সংকটে পড়ে। গত দুই বছর ধরে শীতলক্ষ্যায় নানা জীববৈচিত্র বিষাক্ত পানিতে টিকতে না পেরে ভেসে উঠে মারা যাচ্ছে। কর্তৃপক্ষ প্রতিবারই পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কার্যত কোন ধরনের উদ্যোগ নেয়নি। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও শিল্প বর্জ্যরে হুমকিতে রয়েছে এ নদীর জলজপ্রাণী। দূষণ বন্ধে স্থানীয়রা নানা ধরনের আন্দোলন করে গেলেও ফল মেলেনি।

কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের চেয়ারম্যা মো. আনোয়ার পারভেজ বলেন, শীতলক্ষ্যা নদীর সাথে জড়িয়ে রয়েছে আমাদের এলাকার মানুষের জীবন ও জীবিকা। দেশীয় নানা প্রজাতির মাছের উৎসের যোগান দিতো নদীটি। কৃষি অর্থনীতির চালিকা শক্তিও ছিল এ নদী। কয়েক বছর ধরে নদীর দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। নদীর পানি কালো হয়ে গেছে, দুর্গন্ধ তৈরি হয়। মাছ ধরাসহ নদী কেন্দ্রিক জীবন ও জীবিকা চালানো অনেকেই এখন পেশা পরিবর্তন করে ভিন্ন পেশায় চলে যাচ্ছে। চোখের সামনেই আমাদের ঐতিহ্যের ধারক শীতলক্ষ্যার মৃত্যু দেখতে হচ্ছে। তবে এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও নদী প্রেমিদের সাথে নিয়ে শীতলক্ষ্যা দূষণ রোধে কাজ করবেন বলেও জানান তিনি।

বাংলাদেশ নদী পরিব্রজাক দল কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান আরমান বলেন, শীতলক্ষ্যা নদী আমাদের অস্তিত্ব, তাই যার যার অবস্থান থেকে এ নদীকে বাঁচাতে চেষ্টা করতে হবে। তাছাড়া নদী অববাহিকায় শিল্প কারখানাগুলো নিজেদের প্রয়োজনে পানি ব্যবহারের পরে তা পরিশোধন না করেই সেটা শীতলক্ষ্যা নদী ছেড়ে দিচ্ছে। তা বন্ধে জনসচেতনার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে নদী বাঁচলে বাঁচবে দেশ, বাঁচবো আমরা।

নদী গবেষক মোহাম্মদ এজাজের মতে, শিল্পকারখানা কর্তৃক দূষণের কারণেই বর্তমানে শীতলক্ষ্যার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বর্ষাকালে দূষণের উৎসগুলো বের করা না গেলেও বর্ষার পর দূষণের উৎস খুঁজে বের করে প্রশাসনের উচিৎ ছিল এ বিষয়ে ব্যবস্থা নেয়ার। প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছরই শীতলক্ষ্যার জলজ প্রাণীগুলো মারা যায়। বর্ষা থেমে গেলে নদীর প্রবহমান ধারাও বন্ধ হয়ে যায়, নদীর তলদেশে বিষাক্ত গ্যাসের তৈরি হয়। সাথে শিল্পকারখানার নানা ধরনের বিষাক্ত বর্জ্যরে কারণে নদীর ভেতরের পরিবেশ মৃত্যুপুরীতে রুপান্তর হয়। তখন প্রাণীর জীবন ও জীবিকার সংকট তৈরি হয়। একটি নদী আমাদের বেঁচে থাকার জন্য যেমন ব্যাপক অবদান রাখে তেমনি নদী কেন্দ্রিক জীববৈচিত্র্যও আমাদের নানা ভাবে সহায়তা করে।

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, শীতলক্ষ্যা বাঁচাতে আমরা দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে সামাজিক আন্দোলন করে যাচ্ছি। অথচ প্রশাসনের সমন্বিত উদ্যোগের অভাবে আজো শীতলক্ষ্যার দূষণ বন্ধ হচ্ছে না। গত বছর যদি প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা নিত, তাহলে এবার আর এ ধরনের পরিস্থিতিতে পড়তে হতো না। শীতলক্ষ্যার পানি এখন বিষাক্ত হয়ে পড়ছে। শিল্পবর্জ্য মিশ্রিত বিষাক্ত পানির কারণে এখন দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চ্যালেঞ্জের মুখে পড়েছে কৃষি অর্থনীতি।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া বলেন, শীতলক্ষ্যা দূষণের বিভিন্ন উৎসস্থল চিহ্নিত করতে আমরা কাজ শুরু করেছি। সীমিত জনবল দিয়ে আমাদের কাজ করতে গিয়ে নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আমরা আশা করছি খুব দ্রুত দূষণ বন্ধ করতে পারবো।

গাজীপুরের জেলা প্রশাসক আনিছুর রহমান বলেন, নদী দূষণের উৎসগুলো চিহিৃত করা হবে। সাথে কলকারখানাকেও শতভাগ ইটিপি ব্যবহারে নজরদারির আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। নদীর দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।