স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে ডেন্টাল চিকিৎসকের সংকট রয়েছে। সেই সংকট কমাতে ডেন্টাল সার্ভিসে আরো ৬৫০টি পদ তৈরি করা হয়েছে। শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু হবে।
তিনি আরো বলেন, রাজশাহী ও চট্টগ্রামে দুটি ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব ওরাল হেলথ দিবস উপলক্ষে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সব চিকিৎসাই গুরুত্বপূর্ণ। কিন্তু ডেন্টাল চিকিৎসা নিয়ে আমরা অবহেলা করি। আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মুখ ও দাঁত। এটি শুধু চেহারাকেই সুন্দর করে না, সুস্থ থাকতেও মানুষকে সহায়তা করে।
জাহিদ মালেক বলেন, দাঁতের কী মর্ম সেটি আমরা বুঝি না। আমরা দাঁত নিয়ে সচেতন নই। ডেন্টাল চিকিৎসক যারা আছেন, তারা মানুষের কাছে অবশ্যই দাঁতের গুরুত্ব তুলে ধরবেন।
তিনি বলেন, তামাক ও পান-সুপারির কারণে দাঁতে নানা রোগ হয়। মুখ ও গলার ক্যান্সার তামাকের কারণেই হয়ে থাকে। এক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধে ডেন্টাল চিকিৎসকরা ভূমিকা রাখতে পারেন।
মন্ত্রী আরো বলেন, প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, সে লক্ষ্যে কাজ শুরু হয়েছে। ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব। এর আগে একটি ডেন্টাল ইনস্টিটিউট হতে পারে। এটি হলে চিকিৎসা ও শিক্ষার মান বৃদ্ধি পাবে। আমি আশ্বস্ত করতে চাই যে, দেশে একটি ডেন্টাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, উপজেলা হাসপাতালে মাত্র একজন ডেন্টাল সার্জন থাকেন। আর একটি উপজেলায় বসবাস করেন পাঁচ লাখেরও বেশি লোক। সেখানে এত মানুষকে একজন সার্জনের পক্ষে সেবা দেওয়া দুষ্কর। তবে আমরা জনবল ও যন্ত্রপাতি আধুনিকায়নের ব্যবস্থা করব।