ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে ঢুকে শিক্ষক-ছাত্রীর প্রাণ নিলো পিকআপ

মানিকগঞ্জের শিবালয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পিকআপ স্কুলে ঢুকে পড়েছে। এ ঘটনায় দুই শিক্ষক-ছাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৬ জন।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঐ উপজেলার টেপড়া এলাকায় আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলের শিক্ষক ফাতেমা নাসরিন ও শিক্ষার্থী জেরিন তাসনিম।

সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কোম্পানির একটি পিকআপ স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দিয়ে স্কুলের মাঠেই রাখা হতো। সকালে শিক্ষার্থীরা খাবারের বিরতির সময় মাঠে আসে। ঐ সময় চালক পিকআপটিকে স্কুল থেকে বের করার উদ্দেশ্যে চালু করলে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে ঢুকে পড়ে।

এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী তাসনিম মারা যায়। আহত হন শিক্ষক ফাতেমাসহ ৭ জন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐ শিক্ষকের মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপচালককে আটক করে এলাকাবাসী।

শিবালয় থানার ওসি মো. শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।