ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৪ জন দগ্ধ

রাজধানীর বাড্ডার বেড়াইদে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে চারটার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তৃতীয় তলা বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. সাইদ হাসান (৩৭), তার স্ত্রী রেখা আক্তার (৩৫), মেয়ে সাফা (১০) ও ছেলে সাফিয়ান (৯)।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, তৃতীয়তলা বাড়ির তৃতীয় তলায় থাকে ওই পরিবার। রাত ৩ টা ৪০ মিনিটে বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়। এরপর আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪ টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আর দগ্ধ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধ আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিনতলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকেন। রাতে তারা ঘুমিয়েছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।