ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নকল করায় বহিষ্কার হচ্ছে ঢাবি ও অধিভুক্ত কলেজের ৭১ শিক্ষার্থী

পরীক্ষায় অসদুপায় অবিলম্বন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।
বুধবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সুপারিশ করা হয় বলে জানান কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।

তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সভায় একই সঙ্গে মাস্টারদা’ সূর্যসেন হলে শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগেন শিক্ষার্থী সিফাত উল্লাহ্কে হল থেকে আজীবন ও বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় আরো এক বছর বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থী কাজ করায় তাকে হল থেকে আজীবন এবং বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কারের সুপারিশ হয়েছে। এর আগেও সে বহিষ্কার হয়েছিল। এবার তাকে শাস্তির পাশাপাশি সতর্ক করে দেওয়া হচ্ছে।