ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয় করে না: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ কোনো অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থ ব্যয় করে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে বিফ্রিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে, একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা অপ্রয়োজনীয় কাজ করি না। দেশের জন্য, দেশের মানুষের জন্য যা কল্যাণকর তাই আমরা করি।

তিনি আরো বলেন, আজকের সভায় ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকার ১২ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯৯০ কোটি ১৪ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৩ হাজার কোটি ৩৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৯৪ কোটি ৪৩ লাখ টাকা।