ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণকাজ ২০২৪ সালের মধ্যে শেষ হবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে। এরই মধ্যে ৪১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০২৪ সালেই এ সেতুটির নির্মাণ কাজ শেষ করা হবে।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এমন আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, চলতি বছরেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণকাজ শুরু হবে। ভারতীয় লাইন অব ক্রেডিটে এ প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া চলছে। এ রেলপথ নির্মাণ হলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সহজ হবে।

এ সময় সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের স্টেশন ও রেলওয়ে জংশন নির্মাণের নির্ধারিত স্থান এবং রায়পুর ও কালিয়া হরিপুরের দুটি স্টেশন পরিদর্শন করেন মন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।