ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাহিদা অনুযায়ী ভোজ্য তেল বাজারে আছে: বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্য তেলের বাজারে সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ভোজ্য তেল বাজারে চাহিদা অনুযায়ী আছে। গত ৫ মে তেলের যে দাম ঠিক করে দেওয়া হয়েছিল, তখন ব্যবসায়ীরা বলেছিলেন, সাপ্লাই ঠিক আছে। কিন্তু মাঝখানে সেটা ঠিক ছিল না। তবে এখন সাপ্লাই ঠিক হয়ে গেছে।
বুধবার দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ সভায় বাণিজ্য সচিব, দ্রব্যমূল্যের সঙ্গে সম্পর্কিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা ছাড়াও এফবিসিসিআইসহ খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, তেলের ঘাটতি পূরণে সরকার রাইস ব্র্যান থেকে তেল উৎপাদনের চিন্তা করছে। ‌এ প্রক্রিয়ায় ৭ লাখ টন তেল উৎপাদন সম্ভব। এতে চাহিদার ২৪ ভাগ পূরণ হবে।

মন্ত্রী বলেন, ২৫ থেকে ৩০ টাকার মধ্যে পেঁয়াজের দাম হলে সেটা যৌক্তিক। ২০২৫ সালের পর আমাদের আর পেঁয়াজ আমদানি করতে হবে না, সেভাবেই উৎপাদন প্রক্রিয়া চলছে। কিন্তু এখন পর্যন্ত পেঁয়াজের যথেষ্ট মজুত রয়েছে।

টিসিবির পণ্য বিক্রির বিষয়ে টিপু মুনশি বলেন, এক কোটি মানুষকে এখন টিসিবির পণ্য দেওয়া হবে। এর সুবিধা পাবে পাঁচ কোটি মানুষ। জুন মাস থেকে শুরু হবে এই প্রক্রিয়া।