ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে, গ্যাস সরবরাহ বন্ধ

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সকাল ১১টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, ইপিজেডের ভেতরে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাটির নিচে একটি গ্যাসের পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

ঢাকা বিভাগ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমণি শর্মা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার জন্য গ্যাসের মেইন লাইনের চাবি বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ইপিজেড ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত পাইপটি সংস্কার করা হলে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।’