ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের আট বিভাগে ক্যান্সার হাসপাতাল করবে সরকার

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের আট বিভাগে ক্যান্সার হাসপাতাল এবং জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে কিডনী ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগে আরব আমিরাতকে পাশে চায় বাংলাদেশ সরকার। রোববার সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আলমেহিরি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।

এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, আরব আমিরাতের নূর দুবাই ফাউন্ডেশনের সিইও ডা. মানাল তারিম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। অত্যাধিক ব্যয়বহুল এসব রোগে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা দুরূহ। এজন্য রাজধানীতে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যান্সার হাসপাতালসহ দেশের আট বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল নির্মাণে সংযুক্ত আরব আমিরাত সরকারের সহায়তা কামনা করেছেন তিনি।

আরব আমিরাতের নূর দুবাই ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখের রেটিনা ও গ্লুকোমা চিকিৎসা সুবিধা সংযোজনের পরিকল্পনা সম্পর্কে জানান সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আলমেহিরি। তিনি বলেন, এই পরিকল্পনার অংশ হিসাবে চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ বরিশাল মেডিকেল কলেজে রেটিনা ও গ্লুকোমা রোগের চিকিৎসা ইউনিট স্থাপন করা হবে।