ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার দীর্ঘ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঈদে ঘরে ফেরা মানুষজন চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের করটিয়া বাইপাস পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়েছে।
এছাড়া কোনাবড়ি থেকে কালিয়াকৈর বাইপাস, সাভার-নবীনগর চন্দ্রা সড়কের কবীরপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে করে যানজটে আটকে প্রচণ্ড গরমে নারী, শিশু এবং বৃদ্ধদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ আতাউর রহমান জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে ব্যাপক গাড়ির চাপ হয়েছে। এতে ধীরগতিতে চলাচল করছে পরিবহনগুলো। ফলে কোথাও কোথাও ধীরগতিতে যানবাহন চললেও ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।
এর আগে কেনোবাড়ি হাইওয়ে পুলিশের ওসি ফিরোজ হোসেন জানান, টাঙ্গাইলের দিক থেকে যানবাহনের ধীরগতি চন্দ্রা পর্যন্ত এবং চন্দ্রা থেকে নবীনগর সড়কে জিরানী এবং চন্দ্রা থেকে গাজীপুরের দিকে কোনাবাড়ি পর্যন্ত যানবাহনের ধীরগতি রয়েছে। পুলিশ চেষ্টা করছে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে।