শিক্ষার সব স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, শিক্ষার প্রাইমারি স্তর থেকে সর্বোচ্চ মাস্টার্স পর্যন্ত ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। ইসলামী শিক্ষা বাস্তবায়নে প্রয়োজনে কঠোর থেকে কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের শিক্ষা ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে কারিকুলামে ধর্মীয় শিক্ষার অবস্থান নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় ইসলামী শিক্ষা বাধ্যতামূলকসহ ২০ দফা দাবি জানানো হয়। দাবি আদায়ে ৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে রয়েছে- ১০ নভেম্বর সকাল ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণমিছিল।