ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা সব দেশে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা একটি পারস্পরিক সম্পর্কযুক্ত বিশ্বে বসবাস করি। তাই বৈশ্বিক খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সব দেশে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সরবরাহ ও আর্থিক ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে আসন্ন শীত মৌসুমে জ্বালানি সংকটের কারণে গোটা ইউরোপ আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ দূরদর্শিতার সঙ্গে যুদ্ধের কারণে আবির্ভূত হতে পারে- এমন সব চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করছে। সরকার প্রতিটি কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত ও খাদ্য অপচয় রোধে পদক্ষেপ গ্রহণ করেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, শেখ রাসেলের মতো এমন নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশ আর দেখতে চায় না। বাংলাদেশ প্রতিটি শিশুর জন্য একটি সুন্দর পৃথিবী নিশ্চিত করতে চায়। আমাদের শিশুদের অধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার নিশ্চিত করতে হবে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।