চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে অপ্রত্যাশীতভাবে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান থেকে সরিয়ে নেয়া হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) ওই অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে বসা জিনতাওকে দু’জন লোক এসে পাহারা দিয়ে সরিয়ে নিয়ে যায়, গণমাধ্যমে আসা একটি ভিডিওতে এমনটি দেখা গেছে।
ভিডিও‘টিতে দেখা যায়, অনিচ্ছা সত্ত্বেও চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে সম্মেলনস্থলের মঞ্চ থেকে দু’জন ব্যক্তি এসে সরিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু বারবার তিনি তাতে অস্বীকৃতি জানানোয় এক পর্যায়ে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। যাওয়ার আগে শিকে কিছু বলতে দেখা যায় হু জিনতাওকে। তাতে মাথা নাড়েন শি। মঞ্চ ছাড়ার আগে প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের কাঁধে হাত রাখেন হু জিনতাও। লি কেকিয়াং শি’র ডান পাশে বসা ছিলেন।
২০০২ থেকে ২০১২ পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন হু জিনতাও। ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত হু জিনতাও দেশটির প্রেসিডেন্ট ছিলেন। হু জিনতাওয়ের পর দলের সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন শি জিনপিং।
কংগ্রেসে উপস্থিত বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, দু’জন কর্মকর্তা এসে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের মূল অডিটোরিয়ামের মঞ্চ থেকে জিনতাওকে সরিয়ে নিয়ে যান।
গত রোববার পার্টি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন হু জিনতাও। সেদিনও তাকে কিছুটা অস্থির দেখাচ্ছিল।
প্রতি পাঁচ বছর পর পর অনুষ্ঠিত এ কংগ্রেস পার্টির সংবিধান সংশোধনীর মাধ্যমে শেষ হয়েছে। ওই সংশোধনীতে পার্টিতে শি’র মূল মর্যাদা অক্ষুণ্ন এবং রাজনৈতিক চিন্তাকে পার্টির পথপ্রদর্শকের ভূমিকায় রাখা হয়েছে।