ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী উন্নয়নের সেরা জাদুকর: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের সেরা জাদুকর। তারই হাত ধরে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
শুক্রবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়ন উন্নয়ন সভায় এসব কথা বলেন তিনি।

এনামুল হক শামীম বলেন, স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর বাংলাদেশ উন্নয়ন থেকে অনেক পিছিয়ে পড়েছিল। অনেক ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার বেড়াজাল ছিন্ন করে ১৯৯৬ সালে শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করে।

তিনি বলেন, খালেদার কথায় নাকি আগামী ১০ ডিসেম্বরের পর দেশ চলবে! বিএনপির নেতাকর্মীদের এমন উদ্ভট বক্তব্যে দেশের মানুষের মাঝে হাস্যরসের সৃষ্টি করেছে। তার কথায় বিএনপি এবং দলের নেতাকর্মীরাই তো চলে না।

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কোনো বিবেকবান মানুষ কোনো দুর্নীতিবাজের কথায় চলতে পারেন না। খালেদা জিয়ার কথায় দেশ তো দূরের কথা, বিএনপিই চলে না।

ভূমখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি আব্দুল ওহাব ব্যাপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য জহির সিকদার প্রমুখ।