পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপির আমলের চেয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনো দশগুণ বেশি রয়েছে। রিজার্ভ নিয়ে বিএনপি অযথাই অপপ্রচার চালাচ্ছে।
সোমবার বিকেলে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, গত ৩ বছরে আমেরিকায় পুলিশের বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৩০৭৬ জন এবং ১৫ লক্ষাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। তারপরও সবাই এখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উচ্চবাচ্য করে। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার-চেঁচামেচি করে তাদের লজ্জা হওয়া উচিত।
ড. মোমেন আরো বলেন, বিএনপির আমলে রফতানি ছিল মাত্র ৬ বিলিয়ন ডলারের আর বর্তমান সরকারের আমলে রফতানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে। গত ১৪ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে, এটি বিশ্বের মধ্যে রেকর্ড।
এ সময় তিনি আগামী সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনে মানুষের কাছে সরকারের অবদানের কথা জানান দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম নাদেল, প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক আহমদ চৌধুরী প্রমুখ।