ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের কেনাকাটা শেষে লাশ হয়ে ফিরলেন বাবা-ছেলে

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকচাপায় পথচারী বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঐ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের উকিল বাড়ির সেলিম উদ্দিন ও তার ছেলে মিনহাজ উদ্দিন।

জানা গেছে, ঈদের কেনাকাটা শেষে ছেলেকে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সেলিম। এ সময় চট্টগ্রামমুখী তরমুজবাহী ট্রাক ও একইমুখী একটি পিকআপের সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে ট্রাকটি বাবা-ছেলেকে চাপা দেয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সুরতহাল শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।