তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বের অন্যতম সেরা আর্কাইভ ‘ব্রিটিশ পাথে’ থেকে সংগ্রহকৃত ফুটেজগুলো ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর ধ্বংস করা হয়েছিল। এগুলো বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংগ্রহ ও সংরক্ষণ করবে।
শনিবার লন্ডনে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ঘোষণার দুর্লভ ভিডিও ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণের জন্য বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও ‘ব্রিটিশ পাথে’র মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল এবং ‘ব্রিটিশ পাথে’র প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালিস্টার হোয়াইট সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ঐতিহাসিক অডিও-ভিজ্যুয়াল নথিগুলোকে আরো সমৃদ্ধ করতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং ‘ব্রিটিশ পাথে’র মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, ‘ব্রিটিশ পাথে’ বাংলাদেশকে ১৫৬টি ঐতিহাসিক ফুটেজ প্রদান করছে। আমরা আশা করি, ফুটেজগুলো মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং বাংলাদেশের জনগণকে সম্মান করার গুরুত্বপূর্ণ প্রচেষ্টায় সহায়তা করবে।
জানা গেছে, দেশি-বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ শক্তিশালীকরণ- শীর্ষক একটি বিশেষ প্রকল্পের অধীনে ‘ব্রিটিশ পাথে’ থেকে ১৫৬টি ফুটেজ সংগ্রহ করা হবে।