শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছরের নতুন শিক্ষাক্রমের অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই লেখার কাজ শুরু হয়েছে। ঠিক সময়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে। আগামী বছর এ শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ চলবে।
সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের মান নিয়ে অনেকে অনেককথা বলেছেন। এবার সবাই সচেতন। আশা করি বড় কোনো ভুল থাকবে না। আমরা চেষ্টা করবো নির্ভুল পাঠবই দিতে। আগামী বছর অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবই পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে।
তিনি আরো বলেন, ধারাবাহিকভাবে শিক্ষকদের প্রশিক্ষণ চলতে থাকবে। সব শিক্ষকের মান এক না। অনেক শিক্ষক রয়েছেন, যারা নতুন শিক্ষাক্রমের বিষয়টি আয়ত্ত করে ফেলেছেন। তারা ভালোভাবেই চালাচ্ছেন। আর কিছু শিক্ষক অভ্যস্ত হননি, তাদের আরো সময় লাগবে। তবে শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমে কোনো সমস্যা নেই, তারা ভালোভাবে বুঝতে পারছে।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।