ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরকা পরে যুবলীগ নেতাকে গুলি করে দুর্বৃত্তরা

কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতা জামাল হোসেনকে বোরকা পরে ৩ দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এক মিনিট ২০ সেকেন্ডের কিলিং মিশন শেষে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে এসব তথ্য নিশ্চিত করে কুমিল্লা জেলা পুলিশ।

এদিকে, একটি সিসিটিভি চিহ্নিত করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।

সোমবার (১ মে) রাত ৮টায় ঘটনাস্থল গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকা পরিদর্শন শেষে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।

পড়ুন: কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত

পুলিশ সুপার আরও বলেন, আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতা দিয়ে এ মামলাটির দ্রুত তদন্ত করবো। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে সহযোগিতা করা এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

এর আগে, গতকাল রোববার রাত পৌনে ৮টার দিকে দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজারে বোরকা পরা ৩ দুর্বৃত্ত যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যা করে।

নিহত জামাল হোসেন পার্শ্ববর্তী তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার জিয়ারকান্দি নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং থাই গ্লাসের ব্যবসা করতেন।

এ ঘটনার পর থেকে গৌরীপুর বাজারসহ স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মাঝে আতঙ্ক পরিস্থিতি বিরাজ করছে। সোমবার রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।