ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিছু ব্যক্তির কাছে অর্থনীতি জিম্মি হয়ে পড়েছে: শিল্প প্রতিমন্ত্রী

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, অর্থনীতি ও বাজার—এই দুই জায়গাতেই সিন্ডিকেট তৈরি হয়েছে। এ কারণে ক্ষুদ্র উদ্যোক্তারা ঝরে পড়ছেন এবং পণ্যের মূল্য বেড়ে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। মানুষ বাজার করতে গিয়ে এখন কাঁদছে। এই সিন্ডিকেট ধরতে না পারলে এবং ভাঙতে না পারলে সংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্বে থাকা উচিত না।

বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সম্মেলন কক্ষে ‘কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে এসএমই খাতের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালাটি ইআরএফ ও এসএমই ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করে। ইআরএফ’র সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন ইআরএফ সভাপতি মোহাম্মাদ রেফায়েত উল্লাহ মীরধা।

মূল প্রবন্ধে এসএমই ফাউন্ডেশনের কর্মকাণ্ড ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তা তৈরিতে ভূমিকা তুলে ধরা হয়। একই সঙ্গে ফাউন্ডেশনের বর্তমান চ্যালেঞ্জ ও সরকারের কাছে কিছু দাবিও তুলে ধরেন মূল আলোচক।

কর্মশালায় প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে চলেছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তারপরও দেশে আজ যে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে, ব্যবসার নামে আজ যে লুটপাট হচ্ছে, মানুষের পকেট কাটা হচ্ছে, এগুলো সাংবাদিকদের আরও জোরালোভাবে তুলে ধরতে হবে, এগুলো আরও ফোকাস করতে হবে।’

‘আমরা যখন বাজারে যাই, তখন দেখি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। কেন ঊর্ধ্বগতি? আমাদের কিন্তু কোনো কিছুর অভাব নেই। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ। চাল, ডাল, তরকারি, মাছ-মাংস থেকে শুরু করে সবকিছুতেই স্বয়ংসম্পূর্ণ। তারপরও সিন্ডিকেটের কারণে দেশের এই অবস্থা বিরাজ করছে।’

তিনি বলেন, ‘অবাক লাগে—বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে লক্ষ লক্ষ বেকার। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ কিন্তু মওকুফ করা হয় না। কাদের ঋণ মওকুফ করা হচ্ছে? যারা ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা নিয়ে খেলাপি হয়েছে তাদেরটাই বার বার মওকুফ করা হচ্ছে। তারা মওকুফ পেয়ে আবার ঋণ নিচ্ছে। বড় খেলাপিদের ঋণগুলো যদি এসএমই ফাউন্ডেশনসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের দেওয়া হতো, তাহলে তাদের ব্যবসা আরও সমৃদ্ধ হতো। কিন্তু, সেটা করা হচ্ছে না। আমি আগেও অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বলেছি, বড় খেলাপিদের ঋণ যাতে মওকুফ না করা হয়। কিন্তু, বারবারই তাদেরকে সুবিধা দেওয়া হয়। কারা ব্যাংকের মালিক হয়েছে, কীভাবে হয়েছে, এগুলো আপনাদের তুলে ধরতে হবে।’

শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে আমার রাজনীতির বয়স ৫০ বছর। আমি দেখেছি, অনেকে ব্রিফকেস নিয়ে ঘুরত। অনেকের কাছে টাকা ছিল না। অন্যের কাছে সিগারেট চেয়ে খেত। আজকে তারা ব্যাংকের মালিক। তারা সরকারি ব্যাংক থেকে টাকা নিয়ে বেসরকারি ব্যাংকের মালিক হয়েছে। আমি মনে করি, যারা সরকারি ব্যাংক থেকে টাকা নিয়ে বেসরকারি ব্যাংকের মালিক হয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের উচিত তাদের নামগুলো প্রকাশ করা। কেন ওনারা করেন না, আমি জানি না। এটা একটা বড় প্রশ্ন।’

এসএমই ফাউন্ডেশনের চ্যালেঞ্জ ও দাবি:
মফিজুর রহমান এসএমই ফাউন্ডেশনের চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, পর্যাপ্ত তহবিলের অভাবে আমরা উদ্যোক্তাদের ভালোভাবে সেবা দিতে পারছি না। আমাদের লোকবলের কারণে ঢাকার বাইরে খুব একটা কার্যক্রম চালানো যাচ্ছে না। বর্তমানে মাত্র ২০০ কোটি টাকা তহবিল দিয়ে ফাউন্ডেশন চলছে। এছাড়া, ব্যাংক সুদের হার হ্রাসের কারণে আয় হ্রাস হয়ে গেছে। নিজস্ব ভবন না থাকায় ভাড়া বাবদ অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনের কোনো প্ল্যাটফর্ম না থাকায় উদ্যোক্তাদের বাজারজাতকরণে বাধা তৈরি হচ্ছে। এছাড়া, শিল্প মন্ত্রণালয়/অর্থ বিভাগ থেকে বাজেট বরাদ্দ/সংস্থান না পাওয়া (রেভিনিউ কিংবা ডেভেলপমেন্ট); ফাউন্ডেশনের আয়কর অব্যহতি প্রাপ্তির লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে অমীমাংসিত বিষয় ও এ খাতে সরকারের কোনো উন্নয়ন প্রকল্প না থাকা ইত্যাদিও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি সরকারের কাছে কিছু দাবি তুলে ধরেন। সেগুলো হলো—আয় বৃদ্ধি এবং দেশব্যপী বর্ধিত কর্মসূচি গ্রহণের এন্ডাউমেন্ট ফান্ড (১ হাজার কোটি টাকা), ক্রেডিট হোলসেলিং কর্মসূচি সম্প্রসারণের জন্য ক্রেডিট ফান্ড (৫০০-১ হাজার কোটি টাকা); এসএমই নীতিমালাসহ সরকারের বিভিন্ন নীতিমালা বাস্তবায়নে সুনির্দিষ্ট বাজেট বরাদ্দ, ফাউন্ডেশনের নিয়মিত কর্মসূচি বাস্তবায়নের জন্য বাজেট বরাদ্দ (শিল্প মন্ত্রণালয়ের খাতে), সরকারের অর্থায়নে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন, দাতা সংস্থার অর্থায়নে কারিগরী ও উন্নয়ন প্রকল্প, ঢাকায় নিজস্ব অফিস ভবনসহ বিভাগীয়/জেলা পর্যায়ে শাখা অফিস, উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণকেন্দ্র এবং ইনকিউবিশন অ্যান্ড ইনোভেশন সেন্টার স্থাপন।