ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মিনিটের ঝড়ে তছনছ ১০ বসতঘর, ভেঙে পড়েছে গাছপালা

পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত হয়েছে ১০টি বসতঘর। এরমধ্যে ৪টি বসতঘর পুরোপুরি ও ৬টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ভেঙে পড়েছে গাছপালা।

সোমবার (১৫ মে) রাত ৯ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের লস্করপুর গ্রামে বয়ে যায় এ কালবৈশাখীর তাণ্ডর। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে। মাত্র ১ মিনিটের আকস্মিক ঝড়ে এই ক্ষতিসাধন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের এই কালবৈশাখীর তাণ্ডবে মুহূর্তেই বেড়িবাঁধের বাইরে বসবাসকারী সত্তার মোল্লা, নেছার ফকির, সোবহান মোল্লা ও শহীদ মোল্লার বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। এসময় অন্তত আরও ৬ টি বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এই ঝড়ে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।

ক্ষতিগ্রস্ত সোবহান মিয়া বলেন, আমরা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। রাতের মুহূর্তের ঝড়ে আমার ঘর শেষ হয়ে গেছে। এখন পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে আছি।

ক্ষতিগ্রস্ত নেছার ফকির বলেন, কালবৈশাখী ঝড় আমার ঘর কেড়ে নিয়েছে। আমি গরীব মানুষ। এখন পোলাপান নিয়া থাকোনের কোন জায়গা নাই।