ঢাকা, শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বহিষ্কার ও তালাকের বিষয়ে যা বললেন জাহাঙ্গীর

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমি আওয়ামী লীগের কোনও পদে নেই। সদস্য পদও নেই। আমি একজন সমর্থক। তাহলে একজন সমর্থককে বহিষ্কার করতে কেন কেন্দ্রীয় কমিটি লাগবে? আমার আকুল আবেদন, আমাকে পার্টির সমর্থক হিসেবে থাকার জায়গাটুকু দেন।’ আর স্ত্রীর তালাকের বিষয়ে তিনি বলেন, এটা পারিবারিক ব্যাপার। এ বিষয়ে আলাপ করতে চাই না।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে গাজীপুরের ছয়দানা এলাকার বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, ক্ষমতা, পদের জন্য না; একটি সত্য প্রতিষ্ঠার জন্য মা-ছেলে লড়ছি। যে কোনও সময় আমি হারিয়ে যেতে পারি। যে কোনও কিছু হতে পারে। কিন্তু মা বলেছেন, এক জন সন্তান চলে গেলেও গাজীপুরে তার হাজারো সন্তান রয়েছে। আমি চাই, প্রধানমন্ত্রী সত্যটা জানুক। যেহেতু কেন্দ্রীয় নেতারা কেউ মুখ খুলছেন না চেয়ারের ভয়ে, পদে জন্য। পদ তো একটি বিবেকের জায়গা। আজকে আমার কোনও পদ নেই, কিন্তু লাখো নেতাকর্মী আমার পাশে রয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের পাশেই কালিয়াকৈর যেটা গাজীপুরের একটি আসন। কালিয়াকৈর পৌরসভার নির্বাচনে এক জনকে নৌকা দেওয়া হয়েছিল। সেখানে আমাদের সম্মানিত আ ক ম মোজাম্মেল সরাসরি নৌকার ভোট না করে আনারস মার্কায় ভোট করেছিলেন। কিন্তু তার কোনও বিচার হয়নি। পরবর্তীতে তিনি আবার সভাপতি, সিনিয়র মন্ত্রী হয়েছেন। তারা যদি মিথ্যা তথ্য দেয়, তাহলে আমি ন্যায়বিচার কোথায় পাব।

গাজীপুর সিটির সাবেক এই মেয়র বলেন, আওয়ামী লীগ একটি বড় দল। আমি জন্মের পর থেকে আওয়ামী লীগ করি। এজন্য দল যে সিদ্ধান্ত নেয়, তা আমি মানি। বহিষ্কার বিষয়ে আমার সঙ্গে আলোচনা হয়নি। ফেসবুক ও মিডিয়ার মাধ্যমে জেনেছি। দেড় বছরে কী হয়েছে না হয়েছে- এজন্য প্রধানমন্ত্রীর কাছে, কেন্দ্রীয় নেতাসহ সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি। আমি শুধু প্রধানমন্ত্রীর কাছে যেতে চেয়েছিলাম। আমার অপরাধটা কী, সে বিষয়ে সামনাসামনি জবাব দিতে চেয়েছিলাম। কেন্দ্রীয় নেতারা আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু আমার বিশ্বাস, আমার বিষয়ে তারা প্রধানমন্ত্রীর কাছে কিছুই বলেননি।

নির্বাচন নিয়ে আমি একটি কঠিন জায়গার মধ্যে আছি। একটা হলো আর্দশের জায়গা, আমার পার্টি আওয়ামী লীগ, নৌকা ও প্রধানমন্ত্রী। আমি নৌকার বিরুদ্ধে না, আওয়ামী লীগেরও বিরুদ্ধে না। আমি এক জন ব্যক্তির বিরুদ্ধে প্রতিবাদ করছি। আর এজন্যই নির্বাচনে আমার মা অংশ নিচ্ছেন। আমার মা বলছেন, এই শহরের প্রতি অবিচার করা হয়েছে। মা আমাকে নির্দেশ দিয়েছেন। সেজন্য সন্তান হিসাবে আমি কী মায়ের সঙ্গে থাকবো, নাকি আজমত উল্লার সঙ্গে থাকবো বলেন? নীতিগতভাবেই মায়ের সঙ্গে থাকতে হয়।

আমি যেহেতু আদর্শের জায়গায় আওয়ামী লীগ করি, সেজন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন করে এমন অনেক নেতাকর্মী আমার মা ও আমার পক্ষে প্রচারণায় অংশ নেন। কিন্তু তাদের হুমকি দেওয়া হচ্ছে। আমি চাই, যাদের আদর্শ রয়েছে এই লাখো মানুষকে যেন হয়রানি না করে।

জাহাঙ্গীর আলম বলেন, সব প্রশাসনিক কর্মকর্তাকে বলবো ভোটের জায়গায় যেন কোনও পক্ষপাতিত্ব না হয়।