ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার

করোনা পরিস্থিতি পরবর্তী ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধসহ নানা ধরনের বৈশ্বিক সংকটের মধ্যে তিনটি বছর পার করলো অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বধীন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ টালমাটাল পরিস্থিতিতে পুঁজিবাজার নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ফলে নানামুখী চাপ ও সমালোচনায় পড়তে হয় কমিশনকে। তবে বিগত তিন বছর শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃতত্বাধীন কমিশনের দূরদর্শী ও কার্যকরী পদক্ষেপে সেই সংকটকে পেছনে ফেলে আবারও পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

তবে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সর্বাত্মক পারস্পরিক সহযোগিতায় সংকটময় পরিস্থিতিতে পুঁজিবাজারকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে বলে মনে করে কমিশন।

বিএসইসি মনে করে, বৈশ্বিক সংকটের কারণে দেশের পুঁজিবাজারে অস্থিরতার মধ্যে দিয়ে গেছে। তবে সূচক বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বৈশ্বিক সংকটে দেশের পুঁজিবাজার অনেক ভালো আছে। এসএমই প্ল্যাটফর্ম, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি), এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ), ট্রেজারি বন্ড, কমোডিটি এক্সচেঞ্জসহ নতুন নতুন প্রোডাক্ট পুঁজিবাজারে সংযুক্ত করার উদ্যোগ গ্রহণের ফলে কমিশনকে অনেক সমালোচিত হতে হয়েছে। তবে এর সুফল বিনিয়োগকারীরা ভবিষ্যতে পাবেন। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও পুঁজিবাজারের উন্নয়নে কমিশনের প্রচেষ্টা বিগত তিন বছর ধরে অব্যাহত রয়েছে।

এই কমিশনের গত তিন বছরের মেয়াদে বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সকল সূচক, লেনদেন ও বাজার মূলধন বেড়েছে। বৃহস্পতিবার (২৫ মে) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬ হাজার ৩২৫ পয়েন্টে। আর ২০২০ সালের ৩১ মে ডিএসইএক্স সূচক ছিল ৪ হাজার ৬০ পয়েন্টে। সে হিসাবে গত ৩ বছরের ব্যবধানে ডিএসইএক্স সূচক বেড়েছে ২ হাজার ২৬৫ পয়েন্ট বা ৫৫.৭৯ শতাংশ। শরিয়াহ সূচক ডিএসইএস বৃহস্পতিবার অবস্থান করছে ১ হাজার ৩৭০ পয়েন্টে। আর ২০২০ সালের ৩১ মে ডিএসইএস সূচক ছিল ৯৫১ পয়েন্টে। ফলে তিন বছরের ব্যবধানে ডিএসইএস সূচক বেড়েছে ৪১৯ পয়েন্ট বা ৪৪.০৬ শতাংশ। একই সঙ্গে বৃহস্পতিবার ব্ল চিপ নামে খ্যাত সূচক ডিএস৩০ অবস্থান করছে ২ হাজার ১৯৮ পয়েন্টে। আর ২০২০ সালের ৩১ মে ডিএস৩০ সূচক ছিল ১ হাজার ৩৬৫ পয়েন্টে। ফলে তিন বছরের ব্যবধানে ডিএস৩০ সূচক বেড়েছে ৮৩৩ পয়েন্ট বা ৬১.০২ শতাংশ। এদিন ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৫৫৯ কোটি টাকা। আর ২০২০ সালের ৩১ মে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ১৬ হাজার ১৭৬ কোটি টাকা। এই হিসাবেও বাজার মূলধনের উন্নতির কথাই জানাচ্ছে। এই সময়ে বাজার মূলধন বেড়েছে ৪ লাখ ৫৬ হাজার ৩৮৩ কোটি টাকা বা ১৪৪.৩৪ শতাংশ।

তবে এই কমিশন দায়িত্ব নেওয়ার পর ২০২১ সালের ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক বেড়ে দাঁড়ায় ৭ হাজার ৩৬৭.৯৯ পয়েন্টে, যা এখনও পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ। একইভাবে সূচক ডিএসইএস ও ডিএস৩০ পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান স্পর্শ করেছে।