রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে যাওয়ার একদিন পর দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জুন) রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকার ঘটনাস্থল থেকে মাত্র ৫০ গজ দূরেই পাওয়া যায় দুজনের লাশ।
মারা যাওয়া দুই বন্ধু হলেন- নগরীর মেহেরচণ্ডি এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সায়েম (১৯) এবং দরগাপাড়া এলকার মৃত গাজী মঈন উদ্দিনের ছেলে রিফাত খন্দকার (১৯)। দুজনেই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ (রোববার) ভোর সাড়ে ৬টার দিকে শ্রীরামপুর এলাকায় ভেসে ওঠে সায়েমের মরদেহ। পরে দুপুর ১২টার দিকে ডুবুরিদল উদ্ধার করে রিফাতের মরদেহ।
এর আগে, গতকাল শনিবার এক সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলেন তারা।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, শনিবার সকাল ১১টার দিকে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ জন শিক্ষার্থী শ্রীরামপুর এলাকায় পদ্মার চরে ফুটবল খেলছিলেন। খেলা শেষে নদীতে তারা গোসলে করতে নামেন।এ সময় রিফাতকে তলিয়ে যেতে দেখে তাকে উদ্ধার করতে যান সায়েম। কিন্তু তিনিও ডুবে যান।
এ ঘটনায় অন্য বন্ধুরা ট্রিপল ৯৯৯ নম্বরে ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেন। কিন্তু দিনভর তৎপরতা চালিয়েও তাদের কোনো সন্ধান পাননি ডুবুরিরা। রোববার ভোরে ঘটনাস্থলের অদূরে ভেসে ওঠে সায়েমের মরদেহ। স্থানীয় জেলেরা মরদেহ দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সায়েমের মরদে উদ্ধার করে।
এদিকে সায়েমের মরদেহ ভেসে ওঠার পর আবারো নদীতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ডুবুরিরা রিফাতের সন্ধানে কাজ শুরু করেন। দুপুর ১২টার দিকে নদীতে রিফাতের মরদেহের সন্ধান পান তারা। এরপর আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।