বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক এবং ব্যক্তিগত চেম্বারে চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি জানিয়েছে সামাজিক সংগঠন নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা)।
শুক্রবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে নিচিচা’র নেতারা বলেন, বাংলাদেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার ১৭ হাজার ২৪৪টি। এসব স্বাস্থ্যকেন্দ্র সেবা নেন দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ। সরকারি হাসপাতালগুলো থেকে স্বাস্থ্যসেবা নেন মাত্র ৩০ শতাংশ। বোঝাই যাচ্ছে, বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠীকে শুধু সরকারি প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব না। চাহিদার তুলনায় সরকারি হাসপাতাল অপ্রতুল। তাই, বেসরকারি হাসপাতাল-ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছে মানুষ। এছাড়া, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চেম্বারের পাশাপাশি ব্যক্তিগত চেম্বারেও রোগী দেখছেন চিকিৎসকরা। কিন্তু সমস্যা হচ্ছে, যে যেভাবে পারছেন চিকিৎসা ফি নিচ্ছেন। এজন্য আমরা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ব্যক্তিগত চেম্বারে চিকিৎসকদের ফি নির্ধারণের দাবি জানাচ্ছি।