সুনামগঞ্জ জেলায় মাত্র ২৪ ঘণ্টায় ৩৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এ বছরের মধ্যে জেলায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। এর আগে, গত ১৪ থেকে ২২ জুন পর্যন্ত সুনামগঞ্জে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। তবে ২৪ থেকে ২৮ জুন পর্যন্ত জেলায় তেমন বৃষ্টিপাত হয়নি। ২৪ জুন সকাল থেকে ঝলমলে রোদের দেখা পেয়েছিলো হাওরবাসী। কিন্তু ২৯ জুন থেকে ফের শুরু হয় বৃষ্টিপাত। সঙ্গে অব্যাহত ভারত থেকে আসা পাহাড়ি ঢল। এতে পানিতে ভরে উঠেছে সুনামগঞ্জের হাওর বাওর-নদ নদী। ফলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩৩২ মিলিমিটার। ১৪ জুন সুনামগঞ্জে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি ছিল ১৯৪ মিলিমিটার। সুরমা নদীর সুনামগঞ্জ ষোলঘর পয়েন্ট দিয়ে পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকায় দীর্ঘস্থায়ী বন্যার আতঙ্কে জেলার মানুষ।
সুনামগঞ্জের পৌর শহরের শান্তিবাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ সাব্বির বলেন, ‘সুনামগঞ্জে গত কদিন থেকে এতো বৃষ্টি হচ্ছে; আমরা বাহিরে কাজকাম করতে পারছি না। এই বৃষ্টি থাকলে কেমনে কাজ করবো।’
আরেক বাসিন্দা শাকিব আহমেদ বলেন, ‘ঈদের দিন থেকে সুনামগঞ্জে বৃষ্টি। এবারের ঈদ তো শেষই, এখন বাড়িতে কখন যে পানি উঠে যায় সেই চিন্তায় আছি।
সুনামগঞ্জের সদর উপজেলার ইব্রাহিম পুর এলাকার আমজাদ হোসেন বলেন, ‘একদিকে নদীর পানি, এর মধ্যে এত বৃষ্টি হয়ে আমাদের খুবই ভয়ে দিন কাটছে। গত বন্যার মত ভয়াবহ হলে আমার ঘর পড়ে যাবে।’
পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জে এ বছরের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও বৃষ্টি হতে পারে। এতে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে।