ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত কমছে কাঁচা মরিচের দাম

সরবরাহ বাড়ায় দেশে কাঁচা মরিচের দাম দ্রুত কমে আসছে। দুই দিন আগেও রাজধানীর কাওরান বাজারে কাঁচা মরিচ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সোমবার (৩ জুলাই) দুপুর পর্যন্ত মানভেদে সেই মরিচের দাম ১৫০ থেকে ২৪০ টাকার মধ্যে রয়েছে। তবে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে এখনো ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।

দিন-কয়েক আগে থেকে দেশের বাজারে কাঁচা মরিচের দাম বাড়তে থাকে। ব্যবসায়ীদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে মরিচের উৎপাদন কম হয়েছে। এ কারণে সরবরাহে ঘাটতি হওয়ায় দাম বেড়েছে। গত কয়েক দিনে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। এ সময় খুচরা বাজারে কাঁচা মরিচ ৬০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়েছে।

রাইজিংবিডির প্রতিনিধিদের দেওয়া তথ্যে জানা গেছে, আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ আসায় সারা দেশেই দামে প্রভাব পড়েছে। কয়েকদিনের মধ্যে মরিচের দাম ভোক্তাদের নাগালে চলে আসবে।

খুলনায় কেজি প্রতি দাম কমেছে ৪০০ থেকে ৫০০ টাকা

খুলনায় একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কমেছে কেজি প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা। খুলনার বাজারে আমদানি করা ভারতীয় কাঁচা মরিচ আসায় দাম কমতে শুরু করে। সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন বাজারে মানভেদে কাঁচা মরিচ কেজি প্রতি ১৬০ থেকে ২৫০ টাকা বিক্রি হয়েছে।

দাম কম হওয়ায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এর আগে, গত রোববার কাঁচা মরিচের দাম ছিল ৬০০ থেকে ৭০০ টাকা কেজি।

নগরীর খালিশপুর পৌর সুপার মার্কেটের ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, কাঁচা মরিচের মানভেদে দাম কমেছে। সোমবার সকালে খালিশপুর পৌর সুপার মার্কেটে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি করেছি।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, বাজারে ভারতীয় কাঁচা মরিচ এসেছে। এজন্য দাম কমেছে। সোমবার সকাল থেকে ২০০ টাকা কেজিতে মরিচ বিক্রি করছি। রোববারও কাঁচা মরিচ ৬০০ টাকা কেজি বিক্রি করেছি।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারের ব্যবসায়ী কাজী সামসুদ্দীন বলেন, ভারত থেকে আমদানি করায় বাজারে অনেক কাঁচা মরিচ এসেছে। আমি ১২০ টাকা কেজি দরে ১৫ কেজি মরিচ কিনেছিলাম। বিক্রি করছি ১৬০ টাকা কেজিতে। ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম নিচ্ছি ৪০ টাকা। গত রোববারেও ১০০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হয়েছে ৭০ টাকায়। দাম কম হওয়ায় ক্রেতাও বেড়েছে।

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৩৮ মে. টন কাঁচা মরিচ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সপ্তাহ খানেক পর ভারত থেকে চারটি ট্রাকে ৩৮ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ ট্রাকগুলো সোনামসজিদ স্থলবন্দরের ইয়ার্ড প্রবেশ করে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদুল আজহা উদযাপন উপলক্ষে টানা ৬ দিন ছুটির পর সোমবার আমদানি শুরু হয়েছে। ভারত থেকে পণ্য আমদানির শুরুর দিনেই সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩৮ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছেন ব্যবসায়ীরা। আগামীকাল আরও বেশি পরিমাণে কাঁচা মরিচে ট্রাক ভারত আসবে বলে জানিয়েনে তারা। এর আগে, সর্বশেষ ২৬ জুন একটি ট্রাকে কাঁচা মরিচ আমদানি করেন এক ব্যবসায়ী।

এদিকে, ভারত থেকে কাঁচা মরিচ আমদানি খবরে চাঁপাইনবাবগঞ্জের সবজি বাজারগুলোতে দাম কমতে শুরু করেছে। সোমবার জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩০০ থেকে সাড়ে ৪০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। বাজারে খুচরা মরিচ বিক্রেতাদের দাবি, মরিচের ফলন কম আর মোকামেই বেশি দামে কিনতে হচ্ছে এমন অজুহাতে বড় ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছিলো। বাজারে এর আগে ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছিলো। বর্তমানে দাম কিছুটা কমেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় বাজারে অভিযান, ৪ দোকানিকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় কাঁচামরিচ বাজারে সিন্ডিকেট তৈরি করে দাম বাগানোর ফলে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে চার দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার সকাল ১১টায় পৌর শহরের কাউতুলি বাজারে এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক মেহেদি হাসান বলেন, সকাল সাড়ে ১০টায় কাউতুলি বাজারে অভিযান পরিচালনা করে ক্রয় ও বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা; খুচরা ব্যবসায়ীদের কোনও ধরনের রশিদ সরবরাহ না করা এবং মূল্য তালিকা না থাকায় ৩ জন আড়ৎদার ও একজন খুচরা ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও তাদের সতর্ক করা হয়েছে।

কাঁচামরিচ নিয়ে পালালো বিক্রেতারা, একজনকে জরিমানা

হবিগঞ্জে বেশি দামে কাঁচা মরিচ বিক্রির অপরাধে এক দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বিকেলে জেলা শহরের চৌধুরী বাজারে নূরুল আমীন নামে ওই দোকানিকে হাতেনাতে ধরে জরিমানা করা হয়।

অভিযান টের পেয়ে আরও কয়েকজন বেশি মূল্যে কাঁচা মরিচ বিক্রেতাকে পালিয়ে যেতে দেখা যায়।

ভোক্তা অধিদপ্তর জানায়, চৌধুরী বাজারে নূরুল আমীন নামে এক দোকানি ২৫০ টাকা কেজিতে কাঁচা মরিচ ক্রয় করে ৬০০ টাকায় বিক্রি করছিলেন। তাকে হাতেনাতে ধরে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, একটি দোকানের অভিযান শেষ করার আগেই বেশি মূল্যে কাঁচামরিচ বিক্রেতা আরেকজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি।

বাজারে আসা কয়েকজন ক্রেতা বলেন, সপ্তাহ খানেক আগেও যেখানে কাঁচা মরিচের দাম ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে ছিল, তা এখন ৬০০ টাকা। কোথাও কোথাও দাম ৭০০ টাকাও উঠেছে।