আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। ভিসানীতি তাঁকে ভয় দেখিয়েছে। নিষেধাজ্ঞা দিয়ে তাঁকে ভয় দেখিয়েছে। শেখ হাসিনা বললেন, আমি শেখ মুজিবের কন্যা, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই।
যত ভয়, হুমকি আসুক, বঙ্গবন্ধুর কন্যা মাথা নত করবে না, মাথা নত করতে পারে না।’
গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নোয়াখালীর জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে তিনি নোয়াখালী পুলিশ লাইনসে জেলা পুলিশ স্থাপিত ‘চেতনায় বঙ্গবন্ধু’ ম্যুরালের উদ্বোধন করেন এবং কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য দেন।
কাদেরকোনো হুমকিতে মাথা নত করবেন না শেখ হাসিনা এদিকে গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
এই যৌথ সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। তাঁরাও নির্বাচনকালীন সরকারের বিষয়ে আওয়ামী লীগের অনড় অবস্থানের কথা তুলে ধরেন।
নোয়াখালীর সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমান কোটি কোটি টাকা পাচার করেছে। তার মধ্যে ৪০ কোটি টাকা শেখ হাসিনা উদ্ধার করেছেন।
এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারেক রহমানের অর্থপাচারের কথা সারা দুনিয়ার মানুষ জানে। তার চুরির টাকা, পাচারের টাকা, দুর্নীতির টাকা, হাওয়া ভবনের টাকার কথা জানে। এই অপকর্ম, অপশক্তিকে রুখতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘জেনারেল জিয়াউর রহমান দম্ভ করে বলেছিলেন, মানি ইজ নো প্রবলেম।
টাকা কোনো সমস্যা নয়। আর লন্ডনে বসে জিয়াউর রহমানের পলাতক পুত্র তারেক রহমান গতকাল স্কাইপিতে বলেছে, টাকার কোনো অভাব হবে না। পিতা যা বলেছে, পুত্র তাই বলছে। এত টাকা এলো কোথা থেকে? তারেক রহমান রজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে। সেই তারেক রহমান এখন বলে টাকার কোনো অভাব হবে না, আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটাও। আজকে তারেক রহমান টাকার দম্ভ দেখাচ্ছে।’
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে বিএনপি নেতাদের চোখ-মুখ শুকিয়ে গেছে। আন্দোলন হয় না। একবার বলে রোজার ঈদের পরে আন্দোলন হবে, এরপর বলে কোরবানির ঈদের পর আন্দোলন হবে। এরপর বলে পরীক্ষার পর আন্দোলন হবে। এভাবে দেখতে দেখতে ১৪ বছর পার। আন্দোলন হবে কোন বছর? আন্দোলন বিএনপির নাগালে এলো না।’
তিনি বলেন, ‘নোয়াখালীর মানুষকে বিএনপির নেতারা অনেক ভুল বুঝাতে চেয়েছেন। আজকে ধোঁকা দেওয়ার দিন শেষ। আজ নোয়াখালীর মানুষ বঙ্গবন্ধুর কন্যার সঙ্গে আছে। তারা চায় স্মার্ট বাংলাদেশ।’
সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল। বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ প্রমুখ।
ঢাকায় সমাবেশ
গতকাল বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সহসভাপতি তানভীর শাকিল জয় এমপি প্রমুখ।
সমাবেশে মতিয়া চৌধুরী বলেন, ‘এই দেশে শেখ হাসিনা শান্তি প্রতিষ্ঠা করেছেন। সেই শান্তি নষ্ট করার জন্য চেষ্টা করছে বিএনপি। কিন্তু এ দেশের মানুষ জানে বঙ্গবন্ধুকন্যা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি।’
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেসবাউল হোসেন সাচ্চু বলেন, ‘আন্দোলন করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না। আপনাদের আন্দোলনের আশা কোনো দিন পূর্ণ হবে না। নির্বাচনে আসেন, ভোটের মাধ্যমে ফায়সালা হবে কে ক্ষমতায় যাবে।’
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তারা এ দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে। তাদের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীরা সজাগ রয়েছে। যুবলীগ সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে থাকবে।’