সিরাজগঞ্জের এনায়েতপুরে আশরাফ আলী শেখ (৬২) নামের এক বাবাকে পিটিয়ে হত্যা করেছে তারই বড় ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মুছা শেখকে আটক করেছে পুলিশ। এছাড়া নিহতের ছোট ছেলে হারুন শেখকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
Google news
রোববার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়ায় ঘটনাটি ঘটে।
নিহত আশরাফ আলী কৃষি শ্রমিক ছিলেন।
আটক মুছা ভ্যান শ্রমিকের কাজ করতেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহে প্রায়ই নিহত আশরাফ শেখের বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গতকাল রোববার রাতে দুই ভাইয়ের (মুছা-হারুন) মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। দুই ভাইয়ের ঝগড়া থামাতে যান আশরাফ আলী ও তার স্ত্রী শাহিদা খাতুন। এসময় নিহতের বড় ছেলে মুছা কোদালের গোড়ালি দিয়ে বাবা-মাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই বাবা আশরাফ আলী মারা যান। গুরুতর আহত মা শাহিদা খাতুনকে এলাকাবাসী উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতসহ নিহতের দুই ছেলেকে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।