ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে বেলাল হোসেন খান নামে এক ব্যবসায়ীর হাত-পা দুর্বৃত্তরা ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ আগস্ট) সকালে উপজেলার সোমভাগ ইউনিয়নের কেলিয়া জয়পুরা বাজারের কাছে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
Google news
আহত বেলাল হোসেন খান ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কেলিয়া গ্রামের বাসিন্দা। তিনি সাভারের ডিপজল পাইকারি মাছ বাজার সমিতির সহ-সভাপতি।
অভিযোগ সূত্রে জানা যায়, সকালে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় কিছু দুর্বৃত্ত বেলাল হোসেনের পথরোধ করে। এসময় তারা রড দিয়ে পিটিয়ে ব্যবসায়ীর হাত-পা ভেঙ্গে দেন। পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত বেলাল হোসেন বলেন, হত্যার উদ্দেশে আমার ওপর হামলা চালানো হয়েছে। প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের কেউ হয়তো ভাড়াটিয়া দুর্বৃত্তদের দিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। হামলাকারীদের কাউকে আমি চিনতে পারিনি।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হাসপাতালে আহত ব্যবসায়ীর জবানবন্দী রেকর্ড করা হয়েছে। জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ওই ব্যবসায়ির ওপর হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।