ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরের ৫০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় চার গুণ দামে

বাংলাদেশে সবচেয়ে বেশি ডাব উৎপাদন হয় উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। ১ হাজার ৪৫৬ বর্গকিলোমিটার আয়তনের লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলায় প্রায় প্রতিটি বাড়িতেই আছে নারিকেল গাছ। এর মধ্যে সবচেয়ে বেশি নারিকেল গাছ আছে সদর উপজেলায়। এতদিন নারিকেলের জন্য এ জেলার সুনাম থাকলেও এখন ডাবের জন্যও সারা দেশে সুপরিচিত লক্ষ্মীপুর। এ জেলার ৫০ টাকার ডাব চার হাত ঘুরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে ২০০ টাকার বেশি দামে।

Google news
ব্যবসায়ীরা জানিয়েছেন, গ্রাম থেকে শহরের একজন ক্রেতার হাতে ডাব পৌঁছাতে চার বার হাতবদল হয়। প্রত্যেক হাতবদলেই বাড়ে ডাবের দাম। ডাবপ্রতি ২০-৩০ টাকা লাভ নেয় শহরের মধ্যসত্ত্বভোগী কিংবা আড়তদার।

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনীমোহন ইউনিয়নের আড়তদার আমির হোসেন খাঁ ২০ বছর থেকে ডাবের ব্যবসা করছেন। তিনি স্থানীয় বাগানমালিক ও ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ডাব কিনে ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লার বড় পাইকারি আড়তে বিক্রি করেন।

আমির হোসেন খাঁ জানান, তারা বাগানের বা গাছের মালিকদের কাছ থেকে প্রতি পিস ডাব কিনেন গড়ে ৪৫-৫০ টাকায়। গাছ থেকে প্রতিটি ডাব নামাতে স্থানীয় পাড়িয়াদের (যারা গাছ থেকে ডাব নামান) জন্য খরচ করতে হয় ৫ টাকা করে। ভ্যান বা ছোট ট্রাক দিয়ে স্থানীয় আড়তে জড়ো করতে খরচ হয় ২ টাকা করে। এরপর শুরু হয় ডাব ঢাকায় নিয়ে যাওয়ার কর্মযজ্ঞ। ট্রাকযোগে ঢাকার আড়তে ডাব পৌঁছাতে খরচ হয় আরও ৪-৫ টাকা। আড়ত পর্যন্ত পৌঁছাতে একজন ব্যবসায়ীর প্রতিটি ডাবে খরচ হয় ১০ থেকে ১৪ টাকা। যখন স্থানীয় একজন বিক্রেতা ঢাকার বাজারে ডাব নিয়ে পৌঁছান, তখন বাগানে কেনা ৪৫-৫০ টাকা দামের ডাবের দাম দাঁড়ায় ৭০ টাকা পর্যন্ত। লক্ষ্মীপুরের একজন ব্যবসায়ী ৪-৫ টাকা লাভে ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা আড়তদারদের কাছে ডাব বিক্রি করেন ৭৫ টাকায়।

তিনি বলেন, ‘গ্রাম থেকে অনেক কষ্ট করে ডাব নিয়ে বড় শহরে এনে আমরা সর্বোচ্চ ৪-৫ টাকা লাভ করি। মাঝে মাঝে লোকসানও হয়। যখন লোকসান হয়, তখন অনেক টাকার ক্ষতি হয়। কিন্তু, শহরের আড়তদাররা আমাদের চোখের সামনে অনেক লাভে ডাব বিক্রি করেন।’

অনুসন্ধানে দেখা গেছে, ডাব বাণিজ্যের পেছনের দুষ্টুচক্রে জড়িত আড়তদার ও ব্যবসায়ীরা। গাছ থেকে সর্বোচ্চ ৫০ টাকায় কেনা একটি ডাব ব্যাপারীর হাত ঘুরে আড়তে এসে হয়ে যায় ৭৫ থেকে ৯০ টাকা। আর আড়ত থেকে খুচরা বিক্রেতার হাত পর্যন্ত পৌঁছাতে দাম পড়ে মানভেদে ১১০ থেকে ১৪০ টাকা। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ২০০ টাকা পর্যন্ত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর জেলায় ২ হাজার ৫৮০ হেক্টর জমিতে নারিকেল আবাদ হয়েছে। খুচরা ব্যবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে গাছ থেকে ডাব কিনেন। প্রতি বছর ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত ডাবের চাহিদা বেশি থাকে। এখন ডেঙ্গুর প্রকোপের কারণে রোগীদের পথ্য হিসেবে ডাবের চাহিদা বেড়েছে। চাহিদা বেশি হওয়ায় এখন গ্রামে প্রতিটি ডাব ৪০-৫০ টাকায় বিক্রি হয়। সেই ডাব ঢাকায় গিয়ে আড়তদারদের কাছে বিক্রি হয় ৭৫ থেকে ৯০ টাকায়।

স্থানীয় পাইকারদের দাবি, খুচরা বিক্রেতারা সবচেয়ে বেশি লাভ করেন। চার হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছাতে ডাবের দাম প্রায় চার গুণ বেড়ে যায়।