বিরোধী দলগুলোর মহাসমাবেশে বাধা দিলে আন্দোলন আরও কঠোর হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
Google news
তিনি বলেন, সরকার বিরোধী দল দমনে মরিয়া হয়ে উঠেছে। প্রশাসন ব্যবহার করে বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করছে। হামলা, মামলা দিয়ে নিরীহ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ও ৩ নভেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। সরকার ভয়ে এসব সমাবেশ ঘিরে নানা অপকৌশল গ্রহণ করেছে। স্বৈরাচার আওয়ামী সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। ৩ নভেম্বরের পূর্বে সরকার সসম্মানে পদত্যাগ না করলে ৩ নভেম্বরের পরবর্তী উদ্ভূত পরিস্থিতির সকল দায়ভার সরকারকেই বহন করতে হবে। ৩ নভেম্বর ঢাকায় জনতার মহাস্রোত নামবে। জনতার স্রোতে সরকার ভেসে যাবে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘চলমান রাজনৈতিক সংকট উত্তরণে রাসুলের (সা.) সিরাত’ শীর্ষক জাতীয় সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বর্তমান সরকার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গলা টিপে হত্যা করেছে। প্রশাসনকে নির্জীব আজ্ঞাবহ করে রাজনৈতিক পরিস্থিতিকে বাঁচা-মরা পরিস্থিতিতে এনে ফেলেছে। যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই অবস্থার পরিবর্তনে ক্ষমতাসীনদেরই প্রধান ভূমিকা নিতে হবে। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হবে। সেজন্য প্রয়োজনে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে হবে।
চরমোনাইর পীর বলেন, বিএনপিসহ বিরোধী দলের আন্দোলনে বাধা দিলে রাজপথ আরও প্রকম্পিত হবে। জনতার উত্তাল তরঙ্গ শুরু হবে। সভা-সমাবেশে বাধা দিলে আন্দোলন আরও কঠোর হবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।
আলোচনা সভায় আরও অংশ নেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি ইমামুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় উর্দু বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মুফতি রশীদ আহমাদ, গবেষক মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, আল্লামা ওবায়দুল কাদের নদভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হুসাইনুল বান্না ও অধ্যাপক আরিফুল ইসলাম অপু, মাসিক মদিনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, খতিব ও মুফাসসিরে কুরআন মুফতি শামছুদ্দোহা আশরাফী।
সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন কলামিস্ট ও সিরাত গবেষক কবি মুসা আল হাফিজ। দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন আলহাজ আালতাফ হোসেন, ডা. শহীদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, মুহাম্মদ মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, আলহাজ নজরুল ইসলাম খোকন, এম এম শোয়াইব, জিয়াউল আশরাফ, নাযীর আহমাদ শিবলী, মুফতি আবদুল আহাদ প্রমুখ।