ঢাকার মিরপুরে বাসে আগুন দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা বিরোধী একটি রাজনৈতিক দলের কর্মী। র্যাব জানায়, দলের স্থানীয় শীর্ষ নেতাদের নির্দেশে তারা এই নাশকতা চালায়।
গ্রেপ্তারকৃতরা হলেন আল মোহাম্মদ চাঁন, মো. সাগর, মো. আল আমিন ও মো. খোরশেদ আলম। তারা সকলেই মিরপুর এলাকার বাসিন্দা।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ১৮ নভেম্বর রাত ১১টার দিকে মিরপুরের কালশী সড়কে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বাসটি পুরোপুরি পুড়ে যায়।
র্যাবের অনুসন্ধানে জানা যায়, আল মোহাম্মদ চাঁন দলের স্থানীয় শীর্ষ নেতাদের নির্দেশে রাজধানীর মিরপুর এলাকায় যানবাহনে ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার পরিকল্পনা এবং নেতৃত্ব দেয়। এছাড়াও সে নাশকতা ঘটানোর জন্য সমর্থকদের কাজ ভাগ করে দিতো ও টাকা সংগ্রহ করে সবার মাঝে বিতরণ করতো।
গত ১৮ নভেম্বর চাঁন ও তার সহযোগী সাগর ও আল আমিন মিরপুর-১১, তালতলা নাভানা, কালশী রোড, সিরামিক রোড এলাকায় সুবিধা জনক স্থানে সুবিধা মতো সময়ে যানবাহনে আগুন দেওয়ার জন্য রেকি করে। ওই দিনই রাত ১১টার দিকে কালশী সড়কে মসজিদের পাশে পার্ক করা বসুমতি পরিবহনের একটি বাস সুবিধাজনক হওয়ায় চাঁনের নির্দেশে সাগর ও আল আমিন বাসের কাছে যায় এবং আল আমিন বাসের মাঝের জানালা খুলে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।
এ সময় চাঁন রাস্তার আইল্যান্ডের ওপর দাঁড়িয়ে যানবাহনে অগ্নিসংযোগের নির্দেশনা প্রদান ও ঘটনা পর্যবেক্ষণ করে। খোরশেদ আলমও ঘটনাস্থলে উপস্থিত থেকে ছবি তুলে ও ভিডিও ধারণ করে চাঁনকে প্রেরণ করে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিরোধী একটি দলের মহাসমাবেশে অংশগ্রহণ করে পল্টন এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, সরকারি পরিবহনসহ বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা ও সহিংসতার সাথেও জড়িত ছিল।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।