আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন যদি তফসিল পেছানোর সিদ্ধান্ত নেয়, তাহলে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই।
বুধবার তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে কমনওয়েলথ প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তফসিল পেছানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, “নির্বাচনের বিষয়টা পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে। এখানে সময়সীমা নির্ধারিত। এসময়ের মধ্যে যেকোনো অ্যাডজাস্টমেন্ট তারা করতে পারে।”
নির্বাচন অংশগ্রহণমূলক না হলে বা বিএনপিবিহীন নির্বাচন হলে একটি নিষেধাজ্ঞা আসবে শোনা যাচ্ছে, আপনার কাছে কী তথ্য? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা বর্তমানে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আছি। অন্য কিছু মাথায় আসে না। এই মুহূর্তে কারো চিন্তাভাবনা নেতিবাচক দেখছি না। এ ব্যাপারে আমাদের মাথাব্যথা নেই। বাইরের কে নিষেধাজ্ঞা দিলো, সেটা নিয়ে আমরা ভাবি না। আমাদের দেশের নির্বাচন, আমরা একটা স্বাধীন দেশ, আমাদের সংবিধান আছে, আমাদের সংবিধানের আলোকে আমাদের ইচ্ছায় নির্বাচন হবে। অন্য কারো নির্দেশ বা নিষেধাজ্ঞায় হবে না।”
তিনি বলেন, “যারা নির্বাচনে বাধা দেবে, নিষেধাজ্ঞা তাদের দেবে। আমাদের কেনো? আমরা তো শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে।”
জোটের সমীকরণ বুঝতে সময় লাগবে
১৪ দলীয় জোটের আসন ভাগাভাগি ও জোটের সমীকরণ নিয়ে তিনি বলেন, “১৪ দলের মধ্যে আমাদের বোঝাপড়াটা ভালো। এ নিয়ে সমস্যা হবে না। জাতীয় পার্টিসহ অন্যান্যদের সমীকরণটা বুঝতে ৩০ নভেম্বর অথবা প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
মনোনয়ন নিয়ে ওবায়দুল কাদের বলেন, “আমাদের মনোনয়ন প্রক্রিয়াটা গণতান্ত্রিক। সেটা হলো- আমাদের জনমত জরিপ, সরকারি গোয়েন্দা সংস্থা ছাড়াও প্রধানমন্ত্রীর নিজস্ব সেল আছে, এতে কার অবস্থান কী উঠে আসে। সব মিলিয়ে যার নম্বর বেশি, মনোনয়নে তাকেই বিবেচনা করা হয়। গ্রহণযোগ্য প্রার্থীকে আমরা মনোনয়ন দেবো।”
পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ইতিবাচক
কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আলোচনা ইতিবাচক। তাদের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে ইতিবাচক সাড়া আছে বলে মনে হয়েছে।”
একতরফা বলা ঠিক হবে না
একতরফা নির্বাচনের অভিযোগ নিয়ে তিনি বলেন, “অনেকগুলো দলতো নির্বাচনে আসছে। একটা দলকে লক্ষ্য করে বা বিএনপি আসবে না বলে একতরফা হবে? আমার মনে হয়, এভাবে বলা সঠিক হবে না।”
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।