ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৭ কোটি, পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি

দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এদের মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন। আর নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। । সেই হিসাবে দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ৭৮১ জন বেশি। বাকিরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি বিষয়ক সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

এর মাধ্যমে নির্ধারিত হলো দেশের প্রকৃত জনসংখ্যা।

চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

এর আগে সংস্থাটি প্রাথমিক প্রতিবেদন দেয়। পরবর্তীতে তৃতীয় পক্ষ হিসেবে যাচাই-বাছাই করে আরও একটি প্রতিবেদন দেয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

এসব প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ এবং নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন। বাকিরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। মোট জনসংখ্যার ৬৮.৩৪ শতাংশ গ্রামে এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করেন।