ঢাকা, ৩০ নভেম্বর – জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে জনসংযোগ ও শোডাউন করায় আওয়ামী লীগের মাগুরা-১ আসনের মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচনি অনুসন্ধান কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম আদালত, মাগুরা) সত্যব্রত শিকদার সাকিবকে এ নির্দেশ দেন।
নির্দেশনায় বলা হয়, গত ২৯ নভেম্বর, বুধবার ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় পথে কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
এতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর দ্বারা তিনি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ৬ (ঘ), ৮ (ক), ১০ (ক) এবং ১২ ধারার বিধান লঙ্ঘন করেছেন।
ওই আইন ভঙ্গের কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না কমিটির দপ্তরে আগামী ১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় সময় সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।
সাকিব আল হাসান আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তিনি জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, কিন্তু শোডাউন করেননি।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।