ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৩ : আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

ইসি জানিয়েছে, এবারের সংসদ নির্বাচনে ২৬টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তবে এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের তেমন সাড়া পড়েনি। শেষ দিনেই বেশিরভাগ সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করতে চান।

বুধবার পর্যন্ত ঢাকায় ২৬৫টি মনোনয়নপত্র সংগ্রহের বিপরীতে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

এদিকে, নির্বাচনে বিএনপি অংশ না নিলেও তফসিল আর পুনর্নির্ধারণ করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনাররা। এমনকি ভোটের তারিখও পরিবর্তন করা হবে না।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালও ইতিমধ্যে বলেছেন, আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে আমরা সাংবিধানিকভাবে বাধ্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি।