ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে বিএনপির হরতালে জনজীবনে কোন প্রভাব পড়েনি

শরীয়তপুরে বিএনপি ও সমমনাদের ডাকা হরতালে জনজীবনে কোন প্রভাব পড়েনি। আজ বৃহস্পতিবার সকাল থেকেই জেলার সকল স্থানে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে।

 

শহরের শরীয়তপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক। সরকারি-বেসরকারি অফিস, আদালত, হাট-বাজার ও মার্কেটগুলো খোলা রয়েছে। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোও খোলা রয়েছে।

 

হরতালের ডাকের সাথে সাথেই জেলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নেয়। সড়কগুলোতে পুলিশ মোতায়েন করা হয়। হরতালকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

দোকানদার ও যানবাহন চালকদের সাথে কথা বলে জানা গেছে, অনেকেই হরতাল সম্পর্কে জানেন না। যারা জানেন, তারাও হরতাল সমর্থন করেননি।

 

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার দৈনিক রুদ্রবার্তাকে বলেন, এ দেশের মানুষ এখন আর অহেতুক হরতাল অবরোধের কোন কর্মসূচি সমর্থন করে না। এসব কর্মসূচি দিয়ে যাতে কাজ-কর্ম ব্যহত করতে না পারে সেই বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।