রাজধানীর ফার্মগেট এলাকায় শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মভিউ সুপারমার্কেটের সামনে ব্যস্ত সড়কে যানজটের মধ্যে পাঁচ সেকেন্ডের ব্যবধানে ককটেল দুটির বিস্ফোরণ ঘটে। এতে যানজটে আটকা পড়া একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।
আহতদের মধ্যে একজনের মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন। বিস্ফোরণের পর ব্যস্ত রাস্তাটি ফাঁকা হয়ে যায়। রাস্তা ও ফুটপাতে থাকা লোকজন আশপাশের বিভিন্ন ভবনের ভেতরে ঢুকে পড়েন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ফার্মগেট ফার্মভিউ মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।
পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছেন। তবে কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। পুলিশ ঘটনার তদন্ত করছে।