ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচিতে নিরাপত্তা জোরদার

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র‌্যাবের ৪৩৫টি টহল দল মোতায়েন করা হয়েছে। এরমধ্যে রাজধানীতে ১৪১টি টহল দল মোতায়েন রয়েছে।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র‌্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে। যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে ও স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‌্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

এদিকে অবরোধের আগের দিন শনিবার রাতে রাজধানী ঢাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল শিকদার জানান, শনিবার রাতে রাজধানীর গাবতলী, আগারগাঁও ও যাত্রাবাড়ী- ডেমরা এলাকায় বাসে আগুন দিয়েছে নাশকতাকারীরা।

র‌্যাব বলছে, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। অবরোধ কর্মসূচির কোনো প্রভাব যাতে না পড়তে পারে সেজন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।