নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির ডাকা দুইদিনের অবরোধের দ্বিতীয় দিনে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা) সারা দেশে ১২টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্যমতে, ঢাকা সিটিতে ৬টি, গাজীপুর ২টি, চট্টগ্রামে ৩টি ও সিরাজগঞ্জে ১টি করে যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ১টি ট্রাক ও ৩টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১টি ইউনিট ও ১০৫ জন জনবল কাজ করে।
গত ২৮ অক্টোবর থেকে আজ পর্যন্ত সকাল ৬টা পর্যন্ত মোট ২৬৬টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে যানবাহনে আগুনের ঘটনা ঘটেছে ২৩১টি।
বিএনপির অবরোধের মধ্যে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অভিযান চালিয়েছে। এ পর্যন্ত তিন হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, অবরোধের মধ্যেও সারা দেশে স্বাভাবিক জীবনযাত্রা চলছে। স্কুল-কলেজ, অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।